উত্তরপাড়া গণভবনে নৃত্যকাঞ্চনের ‘ধুন’-এ মুগ্ধ দর্শক
সোশ্যাল মিডিয়ার কোলাহল আর যান্ত্রিকতার যুগে ধ্রুপদী শিল্পের আবহে এক মনোমুগ্ধকর সন্ধ্যার সাক্ষী থাকল উত্তরপাড়া গণভবন। ২২ মে শ্রীরামপুর নৃত্যকাঞ্চনের আয়োজিত ক্লাসিকাল ডান্স এন্ড মিউজিক কনফারেন্স ‘ধুন’ মুগ্ধ করে রাখল দর্শকদের। এদিন আশ্চর্য সব শিল্প সৃষ্টির ডালি নিয়ে হাজির হন নৃত্যকাঞ্চনের শিল্পীরা।


সেতার, সারেঙ্গি, তবলা ও শাস্ত্রীয় সঙ্গীতের লাইভ পরিবেশনার সঙ্গে কথক নৃত্যের অপূর্ব মেলবন্ধন অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দেয়। কথক কেবল একটি নাচ নয়,এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এর দ্রুত পদচালন, গতি এবং বিভাব। নৃত্যকাঞ্চনের কর্ণধার প্রতিভা দাসের সুদক্ষ নির্দেশনায় শিল্পীরা এই কারিগরি নিপুণতা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন।
প্রতিভা দাসের একক পরিবেশনার পাশাপাশি অমৃতা কুন্ডু, শ্রেয়া দে, করিশমা সা, রিমঝিম বৃষ্টি-সহ একাধিক শিল্পীর দলগত নৃত্য দর্শকদের প্রশংসা লাভ করে। লাইভ মিউজিকে সঙ্গত করেন চন্দ্রচূড় ভট্টাচার্য, জয়দীপ সিনহা, প্রতীক মুখার্জী ও কমলেশ মিশ্র।


একের পর এক নজরকাড়া নৃত্য শৈলীর ফাঁকেই তবলা লহরার দরবারি জৌলুস মঞ্চে এক অপূর্ব রসায়ন তৈরি করে। শিল্পী ইমন মজুমদার, হৃষীক বসু এবং স্বয়ম বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। সম্মানিত অতিথি হিসেবে প্রখ্যাত তবলা বাদক অনুপ দত্ত এবং সলিল মহলানবিশ-এর মতো কিংবদন্তিদের উপস্থিতি অনুষ্ঠানটির গরিমা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। সুর, তাল ও ছন্দের অপূর্ব মেলবন্ধনে নৃত্যকাঞ্চনের এই অনুষ্ঠান আবারও প্রমাণ করল, ধ্রুপদী শিল্পের আবেদন আজও সমানভাবে চিরন্তন।

